অনলাইন ডেস্ক:
ইতালি পাঠানোর নামে ২৭ জনকে লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে মুক্তিপণ আদায়ের চক্রের মূলহোতা কুড়িগ্রামের জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিংগারা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, জাহিদ তিউনেশিয়া ও লিবিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালির ভিডিও ছড়িয়ে দাবি করতেন যে, তিনি ইতালি অবস্থান করছেন। এই ভিডিও দেখে কুড়িগ্রামের ইয়াকুব আলী জাহিদের সঙ্গে যোগাযোগ করেন এবং ২০ লাখ টাকার বিনিময়ে ইতালি যাওয়ার প্রলোভন পান।
এরপর, ইয়াকুবসহ ২৭ জনকে দুবাই থেকে নাইজার ও আলজেরিয়া হয়ে তিউনিশিয়া ও লিবিয়া নিয়ে গিয়ে জিম্মি করে নির্যাতন চালানো হয়। জাহিদ তার গ্রুপের মাধ্যমে এই নির্যাতনের ছবি ও ভিডিও তৈরি করে মুক্তিপণ আদায় করে। এ ঘটনার সংবাদ দেশের গণমাধ্যমে প্রচার হওয়ার পর লিবিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস ইয়াকুবদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে। পরে ইয়াকুব কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করলে, গোপন তথ্যের ভিত্তিতে জাহিদকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, জাহিদকে কুড়িগ্রাম থানায় সোপর্দ করা হবে।
Leave a Reply