ইবি প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ইবির প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ কয়েকজন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, “কুয়েটের ভিসি মাছুদ একজন দলীয় প্রভাবশালী, দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য ব্যক্তি। তার প্রশাসনের অধীনে শিক্ষার্থীদের উপর বারবার হামলা হয়েছে, অথচ তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার প্রভাব দেশের বাইরেও ছড়িয়ে আছে।”
তারা আরও জানান, অবিলম্বে কুয়েট ভিসির পদত্যাগ বা অপসারণ না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, কুয়েটের ৩২ জন শিক্ষার্থী মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করেন। ইতোমধ্যে সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
Leave a Reply