এনামুল হক সরকার, রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর চরজুড়ে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষক-কৃষাণীদের নিবিড় পরিচর্যায় সবুজ ফসলের মাঠ এখন আশার আলো দেখাচ্ছে।
স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, চরাঞ্চলের ১৭৫ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে, যেখান থেকে প্রায় ৩৩২ মেট্রিক টন বাদাম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। শীতকালীন ফসল—আলু, পিয়াজ, রসুন ও কুমড়া ঘরে তোলার পর এসব জমিতে বাদাম রোপণ করেছেন কৃষকরা। এখন গাছের পরিচর্যায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন তারা।
ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশম গ্রামের কৃষক তহির উদ্দিন বলেন, “আমি ১ একর জমিতে বাদাম রোপণ করেছি। খরচ হবে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। ফলন ভালো হলে প্রতি একরে ৪০ মণ বাদাম উঠবে। বাজার দর ভালো থাকলে লাভ হবে।”
একই গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানান, তিনি ৪ একর জমিতে বাদাম চাষ করছেন। “বীজ কিনেছি প্রতি মণ ৮-১০ হাজার টাকায়। রোপণ, স্প্রে, শ্রমিকসহ সবমিলিয়ে প্রতি একরে খরচ হচ্ছে প্রায় ৬০-৬৫ হাজার টাকা। যদি প্রতি মণ বাদাম ৩,৫০০-৪,০০০ টাকা দরে বিক্রি হয়, তবে ভালো লাভ হবে; কিন্তু দর যদি ২,০০০-২,৫০০ টাকায় নামে, তাহলে ক্ষতি হবে।” তিনি আরও বলেন, “এখন বাদামে পোকার আক্রমণ হচ্ছে, স্প্রে করলেও তেমন কাজ করছে না, বরং পোকা আরও শক্তিশালী হচ্ছে।”
বিদ্যানন্দ ইউনিয়নের কৃষক হাসেন আলী জানান, তিনি আড়াই একর জমিতে বাদাম রোপণ করেছেন। “বীজের দাম বেশি হলেও যদি ফলন ও বাজার দর ভালো থাকে, তবে ভালো লাভের আশা করছি।”
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার বলেন, “তিস্তার চরাঞ্চলে ১৭৫ হেক্টর জমিতে বাদাম চাষ হচ্ছে। শীতকালীন ফসলের পর এই জমিতে বাদাম রোপণ করায় কৃষকের খরচ কমেছে। আগাম বন্যা না হলে ও ফলন ভালো হলে উৎপাদন হবে প্রায় ৩৩২ মেট্রিক টন।”
চরের কৃষকদের এখন মূল চাওয়া—ভালো ফলনের পাশাপাশি ন্যায্য বাজারদর এবং পোকার হাত থেকে ফসল রক্ষা। তাদের এই শ্রম ও স্বপ্ন যেন ফলপ্রসূ হয়, সেই প্রত্যাশা সকলের।
Leave a Reply