ইবি প্রতিনিধি:
‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখ মাসের তৃতীয় দিন, আজ ১৬ এপ্রিল (বুধবার) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নানা রঙের পোশাক, মুখোশ ও বৈশাখী প্রতীকসহ অংশ নেন। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রা শেষে বাংলা মঞ্চে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে পরিবেশিত হয় নানা নৃত্য, গান ও আবৃত্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আজকের এই মুক্ত পরিবেশে শোভাযাত্রা আয়োজনই প্রমাণ করে যে আমরা এক পরিবর্তিত বাংলাদেশে বসবাস করছি। ইংরেজি সন আমাদের নিজস্ব নয়, আরবি আমাদের ধর্মীয় পরিচয়ের অংশ, কিন্তু বাংলা সন আমাদের সংস্কৃতির অন্তর্গত, আমাদের জাতিসত্তার পরিচায়ক। তাই বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। আমরা নেচে, গেয়ে, উচ্ছ্বাসে মেতে উঠি এই দিনটিকে কেন্দ্র করে।”
তিনি আরও বলেন, “আজকের আবহাওয়ায় কালবৈশাখীর ইঙ্গিত থাকলেও, তা যেন নতুনের আগমনের প্রতীক। নতুন বছরের এই বৈশাখ যেন আলোর বার্তা নিয়ে আসে এবং আমাদের জীবন আনন্দ ও আশায় পরিপূর্ণ হয়ে উঠুক—এই কামনা করি।”
Leave a Reply