রোকনুজ্জামান রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন (৬০) নামে এক স’মিল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নন্তনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত স’মিল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নাল আবেদীন তার ছেলে জুয়েলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে জয়নাল ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় মোটরসাইকেল চালক জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply