কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে নাগেশ্বরী উপজেলার বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ‘ফাইভ স্টার’ কাউন্টারকে ২ হাজার টাকা এবং ‘নুর এক্সপ্রেস’ কাউন্টারকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৫০০ টাকা।
ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, “ঈদ শেষে মানুষ জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে। ফলে যানবাহনে যাত্রীদের চাপ বেড়েছে। এই সুযোগে কিছু পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, জনসাধারণের যেন ভোগান্তি না হয়, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় নাগেশ্বরী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
Leave a Reply