সুহাইল আহমদ জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেধাবী শিক্ষার্থী নাইমুর রহমান সীমান্ত আর নেই। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর আজ মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টায় রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (NIKDU) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নাইমুর রহমান সীমান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সীমান্তকে স্মরণ করে তার এক সহপাঠী বলেন,
“তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, সদালাপী ও বন্ধুবৎসল। যে কোনো পরিস্থিতিতে সবাইকে হাসিখুশি রাখার চেষ্টা করতেন। তার অনুপস্থিতি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছে। বিভাগীয় শিক্ষকরা তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সীমান্তের স্মৃতিকে অমলিন রাখতে বিভাগের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল ও শোকসভা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
(শোকাহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার)
Leave a Reply