নিজস্ব প্রতিবেদক:
রাজারহাটে এক যুবককে আটকের ঘটনায় পুলিশের গাড়িতে হামলাসহ পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ধস্তাধস্তি হয়েছে। পরে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সমঝোতায় আটক যুবককে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরুদ্ধ পুলিশের গাড়ি ছেড়ে দেয় এলাকাবাসী।
সোমবার দুপুরে উপজেলার চাকিরপশার পাঠক মাইনার স্কুল লালের তেপতি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
এলাকাবাসীরা জানান, সোমবার দুপুরে চাকিরপশার পাঠক মাইনার স্কুল লালের তেপতি এলাকায় খোলাবাজারে চাল দেয়াকে কেন্দ্র করে চাকিরপশার তালুক গ্রামের মোস্তফা নামের এক উপকারভোগীর সঙ্গে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় উভয় গ্রুপের মধ্যে হামলা হয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে রাজারহাট বাজারে এসে উপকারভোগী যুবক মোস্তফা (৩২)-কে আটক করে পুলিশের গাড়িতে নেওয়ার সময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সড়ক অবরোধ করে গাড়ি থেকে আটক যুবককে নামিয়ে নেওয়ার চেষ্টা করে এলাকাবাসী।
এ সময় এলাকাবাসীরা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় এলাকাবাসীরা থানার ওসি তছলিম উদ্দিনের কাছে আটক যুবকের গালে ধাপ্পর মারার অপরাধের বিচার দাবী করে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় ১ ঘণ্টা কুড়িগ্রাম-তিস্তা ও উলিপুর সড়ক অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রাজারহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে থানার অফিসার ইনচার্জের সঙ্গে বৈঠক করে আটক যুবককে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিস্থিতি এতোটাই চরমে যাবে, এটা আমি বুঝতে পারিনি। পুলিশের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।”
Leave a Reply