ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসগামী একটি বাস ওভারটেকের সময় খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় রাতে ক্ষোভ প্রকাশ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই নেতৃবৃন্দরা।
এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন, ইবি শাখার সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন রাহাত বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। ফিটনেসবিহীন সব বাস অপসারণ, অযোগ্য ও অপ্রশিক্ষিত চালকদের বাদ দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা জরুরি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। নতুন বাস সংযোজন করে পর্যায়ক্রমে ভাড়ায় চালিত বাসের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। বাসের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পরিবহন প্রশাসকের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা প্রয়োজন।”
এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির অতিরিক্ত পদ — পরিবহন প্রশাসক থেকে পদত্যাগ দাবি করেন এবং তার স্থলে যোগ্য ও দায়িত্বপরায়ণ একজন শিক্ষককে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান। এছাড়া নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
Leave a Reply