কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
তিস্তা নদীর ভাঙনরোধ, ন্যায্য পানি বণ্টন নিশ্চিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন বেগবান করার ঘোষণা দিয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলা তিস্তা সমন্বয়ক কমিটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) কমিটির এক আলোচনা সভায় প্রধান সমন্বয়ক হায়দার আলী মিঞা এই ঘোষণা দেন।
সভায় তিনি বলেন, কুড়িগ্রাম দেশের অন্যতম নদীভাঙনপ্রবণ জেলা, যেখানে প্রতিবছর হাজারো পরিবার গৃহহীন হচ্ছে। বিশেষ করে উলিপুর উপজেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৮টিই নদীভাঙনের শিকার। এর মধ্যে চারটি ইউনিয়ন তিস্তা নদীর ভাঙনে প্রায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়, আর ব্রহ্মপুত্র ও ধলনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত আরও সাতটি ইউনিয়ন। ভাঙনের কারণে অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, ফলে এই অঞ্চল ক্রমেই দরিদ্র হয়ে পড়ছে।
হায়দার আলী মিঞা জানান, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী এলাকায় লাগাতার কর্মসূচি পালন করা হবে। দীর্ঘদিন ধরে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবি উঠলেও সেটি উপেক্ষিত থেকে গেছে। এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হওয়ায় তারা আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “ব্রহ্মপুত্রের তীর সংরক্ষণের কিছু কাজ চললেও, তিস্তা নদীর জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা এখন থেকেই আন্দোলনের গতি বাড়াবো, যাতে এই প্রকল্প বাস্তবায়নের দাবি যথাযথভাবে সামনে আসে।”
হায়দার আলী মিঞা মনে করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু উলিপুর নয়, পুরো উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও জীবিকা চিত্র পাল্টে যাবে। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন তিস্তা প্রকল্পের পথপ্রদর্শক। তিনি তিস্তা ব্যারেজ নির্মাণ করেছিলেন, যাতে বন্যার সময় অতিরিক্ত পানি ধারণ করে শুষ্ক মৌসুমে তা সেচের জন্য ব্যবহার করা যায়। তার লক্ষ্য ছিল— মাটির নিচের পানির স্তর যাতে নেমে না যায় এবং কৃষকেরা সহজে সেচের সুবিধা পায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষি বাঁচলে দেশ বাঁচবে—এই নীতিতেই তিনি তিস্তা ব্যারেজ তৈরি করেছিলেন। আমরা বিশ্বাস করি, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এবং উত্তরবঙ্গের কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।”
তিস্তা নদীর ভাঙন প্রতিরোধ ও মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন শুধু উলিপুরের নয়, সমগ্র উত্তরবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। আন্দোলনকারীদের দাবি, এই প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা তীরবর্তী অঞ্চল বন্যা ও ভাঙনের কবল থেকে মুক্তি পাবে এবং কৃষি ও জীবিকা উন্নত হবে। তাদের আন্দোলন কতটা প্রভাব ফেলবে এবং সরকারের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হবে, সেটিই এখন দেখার বিষয়।
Leave a Reply