কুড়িগ্রাম প্রতিনিধি:
বন্ধের প্রক্রিয়া স্থগিত করে ইটভাটা চালু রাখার দাবিতে মানবন্ধন, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাব স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে জেলার শতাধিক ইটভাটার মালিক ও শ্রমিক মিলে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
‘ইটভাটা বন্ধ করা মানে বেকারত্ব সৃষ্টি করা’; ‘ইটভাটা বন্ধের সিদ্ধান্ত শ্রমিক-কর্মচারীকে বেকার করবে’; ‘ভাটা থেকে রাজস্ব আদায় বৈধ হলে ভাটা কেন অবৈধ হবে?’; ‘শ্রমিক-কর্মচারীকে বেকার করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে’ ইত্যাদি দাবি ও শ্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানবন্ধনে অংশ নেন বিভিন্ন ইটভাটা মালিক ও হাজারো শ্রমিক।
মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, খায়রুল ইসলাম, ভাটা শ্রমিক মঞ্জুরুল ইসলাম, আসাদুজ্জামান, ফজলু প্রমুখ।
ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী বলেন, ‘ কুড়িগ্রামে তেমন শিল্প প্রতিষ্ঠান বা কল কারখানা নেই। জেলায় ১০৫টি ইটভাটায় প্রায় ৫০হাজার শ্রমিক কাজ করেন। প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে জেলায় এই ইটভাটাগুলো চলছে। এই ইটভাটাগুলো শুধু মালিকদের আয়ের উৎস নয়। বিশাল শ্রমিক শ্রেণির পরিবারের লাখো মানুষে জীবিকার সংস্থান এই ইটভাটাগুলো। তাই ইটভাটা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার জোর দাবি জানাই। অন্যথায় মালিক পক্ষের সাথে একটি বৃহৎ শ্রমিক জনগোষ্ঠী তাদের পরিবার নিয়ে চরম বিপাকে পড়বে। হাজার হাজার মানুষ বেকার হবে।’
চলমান ইটভাটাগুলোকে অবৈধ বলা নিয়ে আপত্তি প্রকাশ করে লুৎফর রহমান আরও বলেন, ‘ আবেদন করেও পরিবেশের ছাড়পত্র না পাওয়ায় যে ইটভাটাগুলোকে অবৈধ হিসেবে আখ্যায়িত করা হয় সেই ভাটাগুলোর প্রতিটি কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তর লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর ১০/১১ লক্ষ টাকা অগ্রিম রাজস্ব দিয়ে আসছে। রাজস্ব আদায় বৈধ হলে ভাটা কেন অবৈধ হবে?’
ভাটাশ্রমিক আসাদুজ্জামান ও ফজলু বলেন, আমরা শ্রমিক মানুষ। ইটভাটায় রোজগার করে আমরা পরিবার ও সন্তানদের খরচ জোগাই। ভাটা বন্ধ হলে আমাদের পেটে আঘাত পড়বে। অনেক শ্রমিক বেকার হবে। আমরা কোথায় যাবো! সরকারের কাছে অনুরোধ, মৌসুমের মাঝপথে যেন আমাদের বেকার করা না হয়। মৌসুম শেষ করার সুযোগ দেন। আমরা তখন অন্য পেশা খুঁজে নিব। কিন্তু হঠাৎ আমাদের বেকার করবেন না।’
ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘ ইটভাটা পরিচালনার মালিকরা ব্যাংক ঋণ ও দেনা করেছেন। মৌসুমের মাঝপথে ইটভাটাগুলো বন্ধ করলে শ্রমিকরা যেমন বেকার হবে, মালিকরাও বড় ধরণের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন। এমতাবস্থায় মানবিক দিক বিবেচনায় ইটভাটাগুলো আগামী তিন মাস পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য আদালত ও সরকারের প্রতি অনুরোধ জানাই।’
পরে মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। ইটভাটা বন্ধ না করার অনুরোধ জানিয়ে প্রতিনিধির মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত, অবৈধ ইটভাটা ও ইটভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও সাভার-ধামরাই উপজেলার নির্বাহী অফিসারকে (ইউএনও) তলব করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এক আবেদনের শুনানি নিয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
Leave a Reply