কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি ছাত্রলীগের সাম্প্রতিক কর্মসূচির প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সংগঠনের সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিগত ছয় মাসে গুরুত্বপূর্ণ অনেক পরিবর্তন এলেও, এখনো পুরনো অপরাধীদের বিচার করা হয়নি। আমরা চাই, দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।”
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ তিনি বলেন: “আমরা আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেবো না। প্রশাসন তথা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের লাশের দিকে তাকান, আমাদের দুইহাজার লাশকে সারিবদ্ধ করে দেখুন, আমাদের বিশহাজার আহত ভাইদের দেখুন এই সারি কতদূর যায়, এই ভাইদের দিকে তাকিয়ে আপনারা প্রশাসন যারা আছেন তারা যদি ঘুমিয়ে থাকেন এই ঘুমিয়ে থাকা আপনাদের বেশিদিন যাবে না।
আপনাদেরকে আমরা উৎখাত করে এই বাংলার জমিনকে আবার একটি সুন্দর বাংলা উপহার দিবো ইনশাআল্লাহ”।
সমাবেশে অংশ নেওয়া অন্যান্য বক্তারাও আন্দোলনের ন্যায়সঙ্গত দাবি ও তাদের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে মতামত তুলে ধরেন।
Leave a Reply