মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, একসময় দেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে পরিচিত কুড়িগ্রাম এখন সেই তালিকার শীর্ষে নেই। ২০১৬ সালের বিবিএসের খানা জরিপ অনুসারে, কুড়িগ্রাম ছিল বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা।
তবে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’– এ তথ্য উঠে এসেছে, কুড়িগ্রাম তার অবস্থান পরিবর্তন করেছে।
২০২২ সালের দারিদ্র্য মানচিত্রে দেখা গেছে, দেশের সবচেয়ে দরিদ্র জেলা এখন মাদারীপুর। বিশেষ করে, মাদারীপুরের ডাসার উপজেলা বর্তমানে দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে, দেশের সবচেয়ে ধনী উপজেলা হিসেবে উঠে এসেছে ঢাকার পল্টন থানা।
বিভাগভিত্তিক দারিদ্র্যের পরিসংখ্যানে বরিশাল বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, যা ২৬.৬ শতাংশ। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে কম, মাত্র ১৫.২ শতাংশ।
বিবিএসের প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে সবচেয়ে বেশি ধনী মানুষের বসবাস এখন নোয়াখালী জেলায়। সেখানে দারিদ্র্যের হার সবচেয়ে কম, মাত্র ৬.১ শতাংশ। বিপরীতে, দেশের সর্বোচ্চ দারিদ্র্যের হার ৫৪.৪ শতাংশ, যা মাদারীপুরে দেখা গেছে।
দীর্ঘদিন দরিদ্রতার শীর্ষে থাকার পর কুড়িগ্রাম জেলার সামগ্রিক উন্নয়ন লক্ষণীয়। সরকারি-বেসরকারি নানা উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র ব্যবসার প্রসার কুড়িগ্রামের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব কারণেই কুড়িগ্রামের দারিদ্র্যের হার কমেছে, যা একটি ইতিবাচক দিক।
এমন উন্নয়নের ধারা অব্যাহত থাকলে কুড়িগ্রাম আরও সমৃদ্ধ হবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply