কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শাফিয়া বেগম (৪৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দাসিয়ারছড়া এলাকার ধোঁপার কুরা (বিল) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাফিয়া বেগম ওই এলাকার আফসার আলীর স্ত্রী।
এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বুধবার সকাল থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
একপর্যায়ে বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের বিলের ধারে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখে বিষয়টি ফায়ার সার্ভিসে জানায়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও উন্নতি না হওয়ায় তিনি মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply